প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর ধানমন্ডিতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে পৌঁছালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অংশ নেওয়া কর্মীরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ঘটনাস্থল থেকে মিছিলের একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মোহাম্মদপুর এলাকা থেকে আরও একজনকে আটক করার কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল