প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত: বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত"। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে জেপি মরগানের সদর দপ্তরে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে তিনি এই আহ্বান জানান। রাজনীতিতে প্রবেশের আগে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ আকর্ষণে আস্থা ও স্থিতিশীল নীতি সবচেয়ে জরুরি। তৈরি পোশাক খাতের পাশাপাশি বর্তমানে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, ডিজিটাল সেবা, কৃষি ও স্বাস্থ্যে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বৈশ্বিক উৎপাদন ও সেবা খাতের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আইনি নীতি সহজীকরণ, কর ব্যবস্থার উন্নয়ন এবং অর্জিত মুনাফা নিজ দেশে সহজে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন তিনি। একইসাথে বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মরগানের সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ সহকারী তানভীর গনি সার্বক্ষণিক কাজ করবেন বলে নিশ্চিত করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল