প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর পূর্ণ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ফ্লাইটটি দুবাইয়ে যাত্রাবিরতি শেষে আগামী ২৭ সেপ্টেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।ঐতিহাসিক এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় দেওয়া ভাষণে বৈশ্বিক শান্তি, সুশাসন ও সংঘাত নিরসনে সামাজিক-রাজনৈতিক ক্ষমতায়নের তাগিদ দেন। একই সাথে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (৩-আর) কৌশল এবং টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তা জোরদারের আহ্বান জানান। সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং গেটস ফাউন্ডেশনসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বৈশ্বিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে সফল দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন তিনি।কূটনৈতিক সাফল্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর এ সফরে অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের অর্জন এসেছে। সফর চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগসহ ডিজিটাল হেলথ সিস্টেম গড়ে তোলা এবং নিউইয়র্কের ওয়াল স্ট্রিট প্রতিনিধিদের সাথে প্রাতরাশ বৈঠকে বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সরকারের নানামুখী রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল