প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল, জাতিসংঘে জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ পুনর্গঠনে সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই ‘থ্রি-আর’ (3R) কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে দেওয়া স্বতঃস্ফূর্ত বাংলায় ভাষণে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিগত সরকারের আমলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের অভিশাপ থেকে বেরিয়ে দেশ এখন পুনরায় পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সামনে এখন অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগিয়ে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি বৈশ্বিক 'ম্যানুফ্যাকচারিং হাব' হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে বাংলাদেশ। এর পাশাপাশি তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের স্টার্ট-আপ উদ্যোগ বাস্তবায়নে চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল