প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
শচীনকে ছাড়িয়ে দ্রুততম ২৩ হাজার রানের মাইলফলকে জো রুট
স্পোর্টস ডেস্ক ||
আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ইতিহাস গড়ে তিনি ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের জায়গা নিশ্চিত করেছেন।এই অনন্য কীর্তি গড়ার জন্য ম্যাচের শুরুতে ৩৫ বছর বয়সী এই ইংলিশ ব্যাটারের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। নিজের ৫২১তম আন্তর্জাতিক ইনিংসে দুর্দান্ত এক চারের মাধ্যমে তিনি এই অর্জন সম্পন্ন করেন। যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫২২টি ইনিংস। এই তালিকার শীর্ষে ৪৮০ ইনিংসে এই রেকর্ড গড়া ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। প্রথম ইংলিশ ক্রিকেটার এবং ইতিহাসের অষ্টম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এই অভিজাত ২৩ হাজারি ক্লাবে প্রবেশ করলেন রুট।টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ধারাবাহিকতায় এর আগেই শচীনের একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন রুট, সম্প্রতি তিনি টেস্টে শচীনের সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন। বর্তমানে টেস্টে ১৪,২৭৮ রান নিয়ে শচীনের ১৫,৯২১ রানের বিশ্বরেকর্ড ভাঙার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছেন তিনি। ওয়ানডেতেও তিনি ইতিমধ্যে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে তাঁর সংগৃহীত রান ৭,৮২৬ এবং ব্যাটিং গড় ৫১-এর বেশি। সর্বকালের সেরা ব্যাটারদের সারিতে জো রুট যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, তা বিশ্ব ক্রিকেটে তাঁর অনন্য উচ্চতাকেই নতুন করে প্রমাণ করে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল