প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে কন্টেইনার পরিবহন-হ্যান্ডলিং চার্জ বাড়ল ৯.৮৫%
নিজস্ব প্রতিবেদক ||
দেশে সরকারিভাবে ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা (১৭.৪ শতাংশ) বৃদ্ধি পাওয়ার জের ধরে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে সব ধরনের হ্যান্ডলিং ও পরিবহন চার্জ গড়ে ৯.৮৫ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)। সোমবার এক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই সারচার্জ কার্যকরের কথা নিশ্চিত করেছে সংগঠনটি।বিআইসিডিএ-এর সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার জানান, ডিজেলের দাম লিটারে ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হওয়ার প্রভাব সরাসরি কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং খাতে পড়েছে। ফলে ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখতে বন্দর ও আইসিডির মধ্যকার খালি ও লোড কন্টেইনার পরিবহন, ইয়ার্ড হ্যান্ডলিং এবং রপ্তানি পণ্য বোঝাইকরণসহ মোট ছয়টি মূল খাতে চার্জ পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছেন ডিপো মালিকরা।নতুন সিদ্ধান্তের অধীনে চট্টগ্রামের বেসরকারি ডিপো বা আইসিডি, চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের (পিসিটি) মধ্যে চালিত সব ধরনের খালি ও আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহনে বর্ধিত মাশুল গুনতে হবে। পাশাপাশি সিএফএস শেডে পরিবহন, ইয়ার্ড থেকে কন্টেইনার উত্তোলন, রপ্তানি কন্টেইনারের মোট ওজন পরিমাপ (ভিজিএম) চার্জ এবং আমদানি পণ্য খালাস করে ট্রাকে তোলার লেবার চার্জও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পরিচালন ব্যয় এবং পণ্য পরিবহনে বাড়তি চাপের সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল