প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
বিপিসির হাজার হাজার কোটি টাকার লোকসান ঠেকাতে তেলের দামে নজিরবিহীন বৃদ্ধি!
নিজস্ব প্রতিবেদক ||
আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি এবং ক্রমাগত লোকসান কমানোর লক্ষ্যে দেশের বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন এই নির্ধারিত দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি জ্বালানি তেলের দামে দ্বিতীয় দফায় বড় ধরনের সমন্বয়।রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তেলের নতুন মূল্যসূচি প্রকাশ করা হয়। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। এতদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হয়ে আসছিল। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল।প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশ্ববাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি, যার ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্তপথে তেল পাচারের ঝুঁকি তৈরি হচ্ছিল বলেও মন্ত্রণালয় উল্লেখ করেছে।জ্বালানি বিভাগের হিসেবে, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা, যা দৈনিক হিসেবে প্রায় ১০৯ কোটি টাকা। নতুন করে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে বিপিসির বার্ষিক লোকসান অন্তত ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে। তবে জ্বালানি তেলের নতুন এই দরবৃদ্ধির ফলে পরিবহন খাত, কৃষি উৎপাদন ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল