প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে মাদকের কারখানা নেই, আসছে প্রতিবেশী দেশ থেকে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক সরবরাহ করে দেশের যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদকের এই ভয়াল বিস্তার প্রতিরোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীর ইউনিয়নের একটি কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়।প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশে মাদকের কোনো নিজস্ব কারখানা নেই। এসব মাদক আসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে, যাতে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। আমাদের এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং 'সবার আগে বাংলাদেশ' চেতনা নিয়ে সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে।"মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি জানান, কোনো কোনো এলাকায় মাদকের ভয়াবহতা ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এখনই এর লাগাম টেনে না ধরলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই নিজেদের ধ্বংস না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।একই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে গৃহস্থালি সচেতনতার ওপর জোর দিয়ে তিনি জানান, ডাবের খোসা ও পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি ঘটে, যা নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব। সাবেক সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর অপশাসন চালিয়ে হত্যা ও গুমের মতো অপরাধ করলেও কোনো অনুশোচনা প্রকাশ করেনি।ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল