প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চ থেকে বিরত থাকেন, জনতার কাতারে আসেন: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
রংপুর অভিমুখে লংমার্চের ডাক দেওয়া জামায়াতে ইসলামী ও বিরোধী দলগুলোর উদ্দেশে কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জামায়াতের রাজনীতিকে ইঙ্গিত করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "লংমার্চ থেকে বিরত থাকেন, জনতার কাতারে আসেন। মসজিদে বসে বয়ান করবেন আর রাজনীতি করবেন—সেই দিন শেষ। রাজনীতি করতে হলে ফিল্ডে, বাস্তবে ও রাজপথে কাজ করতে হবে।"শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড় এলাকায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত মাসব্যাপী এই সামাজিক উদ্যোগের সূচনা করতে সেখানে যান তিনি।অনুষ্ঠানে বিএনপির আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন-উৎপাদনের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বেগম জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দেশকে একটি স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।"জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক সংস্কারমূলক কাজে অংশ নেওয়ার তাগিদ দিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "আমাদের একটাই লক্ষ্য ও স্লোগান—'সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ'। আসুন, পদযাত্রা ও লংমার্চের নামে সময় নষ্ট না করে সবাই মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।"লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল