প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব হত্যাকারীদের হস্তান্তর করলে জুলাই হত্যাকারীদের নয় কেন—ভারতকে রিজভী
নিজস্ব প্রতিবেদক ||
বিরোধী দল তীব্র সমালোচনা ও বিরূপ মন্তব্য করা সত্ত্বেও দেশে গুম বা রাজনৈতিক দমনপীড়নের কোনো ঘটনা ঘটছে না উল্লেখ করে এটিকে স্বাধীন গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক রাজনৈতিক সভায় তিনি এ কথা বলেন।সভায় ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার বিষয়ে কড়া সমালোচনা করে রিজভী বলেন, পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের ভারত সরকার বাংলাদেশে হস্তান্তর করতে পারলে, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে আশ্রয় প্রদান ও হস্তান্তর না করা দ্বিমুখী আচরণ। বাংলাদেশে যাদের বিচার চলছে তাদের ফিরিয়ে না দেওয়া নিয়ে জনমনে বড় প্রশ্ন তৈরি হয়েছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, সামনে মিষ্টি কথা বলা হলেও শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ব্রিকস (BRICS) সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, স্বাধীন বাংলাদেশের প্রধানকে যথাযথ মর্যাদার পরিবর্তে সাইডলাইনে বসিয়ে রাখার প্রক্রিয়ার কারণে সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী উক্ত সম্মেলনে যোগ দেননি। এছাড়া দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সংকট থাকা সত্ত্বেও বাসাবাড়িতে মানুষের চুলা চালু রাখতে ও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল