প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘পরিকল্পিত উসকানি’: সৌদি আরব
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ইসলামের পবিত্রতম নগরী মক্কার আকাশে ড্রোন হামলার চেষ্টাকে ‘লাখো মুসলিমের অনুভূতিতে আঘাত হানার পরিকল্পিত উসকানি’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব। এই শত্রুতাপূর্ণ ঘটনাকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ধারাবাহিক অপরাধের তালিকায় আরেকটি ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে রিয়াদ।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্স মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের পূর্বেই শত্রুপক্ষের একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষাকে 'লাল রেখা' উল্লেখ করে হুথিদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে মক্কা, তায়েফ ও জেদ্দায় সংক্ষিপ্ত সময়ের জন্য জননিরাপত্তা রেড অ্যালার্ট জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।পবিত্র নগরীকে লক্ষ্য করে এই হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৫৭ দেশের প্রতিনিধিত্বকারী জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। এক বিবৃতিতে ওআইসি জানায়, এ ধরনের হামলা পবিত্র স্থানের চরম অবমাননা এবং সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার শামিল।চলতি সপ্তাহে ইয়েমেন সীমান্তে সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে। সোমবার তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন আহত হন, যার জবাবে সৌদি জোটও ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একাধিক ঘাটিতে জোরালো বিমান হামলা পরিচালনা করছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল