প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
এক রাতেই দুই এমি জিতে ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস
বিনোদন ডেস্ক ||
টেলিভিশন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসরে এক অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি করেছেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রিস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে একই রাতে দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা কেন্দ্রীয় অভিনেতার ট্রফি জিতে ইতিহসে নাম লিখিয়েছেন তিনি।মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-তে অভিনয়ের জন্য লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে সেরা লিড অ্যাক্টর এবং সুপারন্যাচারাল কমেডি সিরিজ ‘উইডো'স বে’-তে পারফর্ম্যান্সের জন্য সেরা কমেডি অভিনেতার পুরস্কার পান রিস। পূর্বে অ্যালান অলডা বা স্যালি ফিল্ডের মতো তারকাদের একই বছরে দুই প্রধান চরিত্রে মনোনয়ন পাওয়ার নজির থাকলেও, এক রাতেই দুটি ক্যাটাগরিতে সেরা লিড অ্যাক্টরের জোড়া জয় পাওয়ার কীর্তি এমি ইতিহাসে প্রথম। দ্বিতীয় ট্রফি গ্রহণের সময় আবেগপ্লুত রিস এই বিজয় নিজ জন্মভূমি ওয়েলসের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।এবারের আসরে অন্যান্য ক্যাটাগরিতেও রেকর্ডের খেলা দেখা গেছে। ‘হ্যাকস’ সিরিজের জন্য জিন স্মার্ট (সেরা কমেডি অভিনেত্রী) এবং ‘দ্য ডিপ্লোম্যাট’ সিরিজের জন্য অ্যালিসন জ্যানি (সেরা পার্শ্ব অভিনেত্রী) নিজ নিজ ক্যারিয়ারের অষ্টম এমি জিতে ক্লোরিস লিচম্যান ও জুলিয়া লুই-ড্রেফাসের সাথে যৌথভাবে সর্বকালের সর্বাধিক এমি জয়ের রেকর্ড স্পর্শ করেছেন।অন্যান্য প্রধান ক্যাটাগরিতে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জেতে মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ এবং এই সিরিজের জন্যই টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা অভিনেতা নির্বাচিত হন নোহ ওয়াইলি। ‘উইডো'স বে’ সিরিজের জন্য সেরা পার্শ্ব কমেডি অভিনেত্রী নির্বাচিত হন কেট ও'ফ্লিন এবং ‘প্লুরিবাস’ সিরিজে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম এমি জেতেন রি সিহর্ন। এছাড়া, পার্কিনসন রোগীদের সহায়তায় দুই দশকের দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৫ বছর বয়সী তারকা অভিনেতা মাইকেল জে ফক্সকে সম্মানসূচক ‘বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল