প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘাড়ের সমস্যা অবহেলা নয়, যে ৫ লক্ষণে সতর্ক হবেন
নিজস্ব প্রতিবেদক ||
ঘাড়ে ব্যথা বা শক্ত হয়ে যাওয়াকে অনেকেই কেবল বয়স বাড়ার স্বাভাবিক প্রতিক্রিয়া কিংবা সাধারণ পেশির টান মনে করে অবহেলা করেন। তবে চিকিৎসাবিজ্ঞানীদের মতে, ঘাড়ের হাড় বা সার্ভিক্যাল স্পাইনে জটিলতার কারণে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বয়সজনিত ক্ষয়, আর্থ্রাইটিস কিংবা ডিস্ক সরে যাওয়ার ফলে স্পাইনাল ক্যানাল সরু হয়ে সৃষ্ট এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'সার্ভিক্যাল মায়েলোপ্যাথি' বলা হয়।অর্থো-স্পাইন সার্জন ডা. হিতেশ গর্গ জানান, স্পাইনাল কর্ড হলো মস্তিষ্কের সাথে পুরো শরীরের যোগাযোগ রক্ষার মূল মাধ্যম। দীর্ঘদিন এতে চাপ বজায় থাকলে সংকেত আদান-প্রদান ব্যাহত হয় এবং স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে। স্পাইনাল কর্ডে সমস্যা দেখা দিলে শরীরে যে ৫টি প্রধান লক্ষণ ফুটে ওঠে, তা নিচে উল্লেখ করা হলো:১. হাতের সুক্ষ্ম কাজে জড়তা ও অনিয়ন্ত্রণ: স্পাইনাল কর্ডে চাপ পড়লে হাতের সূক্ষ্ম নড়াচড়ার স্নায়বিক সংকেত ব্যাহত হয়। ফলে কাপ বা বস্তু ধরে রাখতে কষ্ট হওয়া, ঘন ঘন হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, জামার বোতাম লাগানো, চাবি ঘোরানো কিংবা জুতার ফিতা বাঁধার মতো প্রাত্যহিক কাজে জটিলতা তৈরি হয়।২. হাতের লেখায় আকস্মিক পরিবর্তন: আঙুলের সূক্ষ্ম সমন্বয় ক্ষমতা কমে যাওয়ার কারণে হাতের লেখা হঠাৎ ছোট হয়ে যেতে পারে কিংবা আগের মতো নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে।৩. হাতে ঝিনঝিন ও অবশভাব: ঘাড়ের স্পাইনাল কর্ড আক্রান্ত হলে বাহু, হাত ও আঙুলে পিন ফোটার মতো অনুভূতি, ক্রমাগত ঝিনঝিন করা কিংবা অবশ ভাব দেখা দিতে পারে।৪. হাঁটার সময় ভারসাম্যহীনতা: স্পাইনাল কর্ডের সমস্যা নিম্নঙ্গেও প্রভাব ফেলে। ফলে চলাচলের সময় পা ভারী মনে হওয়া, ঘন ঘন হোঁচট খাওয়া, শরীর দুলে ওঠা এবং ভারসাম্য রাখতে দেয়াল বা আসবাবপত্র আঁকড়ে ধরার প্রয়োজন পড়ে।৫. ঘাড় শক্ত হওয়া ও স্থায়ী অস্বস্তি: দীর্ঘদিন ধরে ঘাড় শক্ত হয়ে থাকা বা অস্বস্তি অনুভব হওয়া স্পাইনাল কর্ডের মারাত্মক ক্ষতির ইঙ্গিত দেয়। তবে উল্লেখ্য যে, তীব্র ব্যথা না থাকলেও সার্ভিক্যাল মায়েলোপ্যাথির মতো গুরুতর সমস্যা ভেতরে সুপ্ত থাকতে পারে।বিশেষজ্ঞদের মতে, উল্লিখিত লক্ষণগুলো দেখা দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ অর্থোপেডিক বা স্পাইন সার্জনের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল