প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালী ও ধানমন্ডিতে পৃথক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরায় নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মহাখালী ও ধানমন্ডি এলাকায় পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সংঘটিত এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিটের দ্রুত ও সমন্বিত তৎপরতায় দুটি আগুনই সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত জুতার ব্র্যান্ড 'অ্যাপেক্স'-এর একটি শোরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে প্রায় দুই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে শোরুমের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অপরদিকে, বেলা ১১টা ১১ মিনিটে মহাখালীতে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভবনের পার্শ্ববর্তী একটি চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীতে আগুন লাগে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ১২ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, উক্ত ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন থাকলেও আগুন সেখানে ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো গেছে।প্রাথমিকভাবে দুটি অগ্নিকাণ্ডের কোনোটিতেই কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল