প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক-মনোনয়ন বিলুপ্ত: স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত ও শক্তিশালী করে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি জানিয়েছেন, সংসদীয় অনুমোদনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে পূর্বে বহাল থাকা দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব তথ্য তুলে ধরেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দ্বিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন সরকারের মেয়াদে স্থানীয় নির্বাচন ব্যবস্থার মূল আইনি ও নীতিগত সংস্কারগুলো অস্ট্রেলীয় দূতকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা পাঁচটি স্থানীয় সরকার অধ্যাদেশ—সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে পাস করা হয়েছে। নতুন এই সংস্কারের ফলে স্থানীয় পর্যায়ের নির্বাচনে এখন থেকে কোনো রাজনৈতিক দলীয় প্রতীক বা দলীয় মনোনয়নের ব্যবস্থা থাকছে না। এই ঐতিহাসিক পরিবর্তনের ফলে স্থানীয় প্রতিনিধিত্ব আরও নিরপেক্ষ, স্বচ্ছ এবং সরাসরি জনগণের আস্থাভিত্তিক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ পানি সরবরাহের মতো মৌলিক বিষয়গুলো স্থান পায়। দেশের দ্রুত বর্ধনশীল নগরায়ণের ফলে উদ্ভূত বর্জ্য ব্যবস্থাপনার সংকট সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গ্রীন এনার্জি ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিনিয়োগের আহ্বান জানান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের পারস্পরিক বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সুশাসন, নারী নেতৃত্ব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল