প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা
নিজস্ব প্রতিবেদক ||
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের কড়া প্রতিরোধ ও বাধার মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসীদের সতর্ক পাহারায় থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন দাউদপুর সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষদের জড়ো করে বিএসএফ। একপর্যায়ে তাদের শূন্যরেখা পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে বাধা দেন।বিষয়টি টের পেয়ে বিজিবির আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সীমানা এলাকায় লাঠিসোঁটা হাতে ছুটে আসেন দক্ষিণ দাউদপুর গ্রামের শত শত বাসিন্দা। বিজিবি সদস্য, গ্রাম পুলিশ ও সাধারণ স্থানীয়দের যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সীমানা অতিক্রম করাতে ব্যর্থ হয়। অনুপ্রবেশের অপেক্ষায় থাকা গোষ্ঠীটি বর্তমানে ভারতের অভ্যন্তরেই বিচ্ছিন্নভাবে অবস্থান করছে।দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন যে বিজিবি ও সচেতন প্রতিবেশীদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ভারত থেকে একজনকেও বাংলাদেশে ঢোকানো সম্ভব হয়নি। দাউদপুর ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত পুশ ইন রুখতে বিজিবির সাথে আনসার ও স্থানীয় গ্রামবাসী পালাক্রমে সীমান্তে রাতভর পাহারা ও সতর্ক অবস্থান জোরদার রেখেছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল