প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের অভিযোগ
গিয়াস রনি ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নে দীর্ঘদিনের কেয়ারটেকারের বিরুদ্ধে বসতবাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং গৃহমালিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর মারাত্মক অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা যৌথভাবে এ অভিযোগ উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আসিফ আরেফিন আহমেদ জানান, এখলাসপুর মৌজার অন্তর্গত জি. আর. রশিদ আহমেদ ও জি. আর. তৌফায়েল আহমেদের ক্রয়কৃত ১১৩ শতাংশ জমি এবং বসতবাড়ি গ্রাস করার চক্রান্ত করছেন কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ। তিনি অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেয়ারটেকার তরুণ তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করতে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। মূল মালিক মৃত জি. আর. রশিদ আহমেদের ওয়ারিশদের কাছ থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৩২ শতাংশ জমি ক্রয় করেন আবুল কাশেম। এছাড়া ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে স্ত্রী জোহরা আহমেদ, ছেলে আসিফ আরেফিন আহমেদ এবং মেয়ে শারমিন হোসেন, নাজনীন আহমেদ ও তাজনীম আহমেদ সঠিক নামজারি খতিয়ানে খাজনা পরিশোধ সাপেক্ষে সম্পত্তি ভোগদখল করে আসছেন।ভুক্তভোগীরা আরও জানান, সম্প্রতি তাদের পৈতৃক পুরাতন ঘরটি সংস্কার করতে গেলে কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের প্রতি আকুল আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে আবুল কাশেম, আসিফ আরেফিন, জোহরা আহমেদ ও নাজনীন আহমেদ উপস্থিত ছিলেন।তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ তার বিরুদ্ধে আনা সমস্ত দাবি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সঠিক নয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল