প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপাল-তিব্বত দুর্যোগে দশম দিনেও নিখোঁজ সাড়ে ৪ হাজার, মৃত ১,৩৬৫
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ১ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল নেপালি ভূখণ্ডেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৪৪ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপাল পুলিশ বিভাগের হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নেপাল পুলিশ জানায়, দুর্যোগের দশম দিনে এসেও এখন পর্যন্ত ৪ হাজার সাড়ে ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। একই সাথে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯ শতাধিক শ্রমিকের সন্ধান চালাতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার উদ্ধারকর্মীরা একটি ভূগর্ভস্থ টানেল থেকে দু'জনকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারী দলের ধারণা, ধ্বংসস্তূপের নিচে একটি টানেলে এখনো অন্তত ৪৬ জন শ্রমিক জীবিত আটকে আছেন।দুর্গত এলাকায় মানবিক সহায়তা ও নিখোঁজদের উদ্ধারে নেপাল সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ২১ হাজারের বেশি সদস্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আন্তর্জাতিক জরুরি সহযোগিতার অংশ হিসেবে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের বিশেষ উদ্ধারকারী দলও তাদের সাথে যুক্ত হয়েছে। অপরদিকে সীমানার ওপারে তিব্বত অংশে এ দুর্যোগে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল