প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদাভাবে প্রার্থী দেবে জামায়াত: পরওয়ার
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটে আবদ্ধ না থেকে আলাদাভাবে নিজ নিজ প্রার্থী দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দলের এই সিদ্ধান্তের কথা জানান।মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্য থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এই ঐক্যের রূপ থাকছে না। তাই সব দলই আলাদাভাবে প্রার্থী মনোনীত করবে এবং জামায়াতের স্থানীয় শাখাগুলোকে ইতোমধ্যে নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের কার্যক্রমে বিভিন্ন ত্রুটি ও সংস্কারের দাবি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইসির বর্তমান অতিরিক্ত সচিব সাবেক একটি রাজনৈতিক দলের (বিএনপি) পদধারী হওয়ায় তাঁকে বহাল রেখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাঁকেই দ্রুত সরানোর দাবি জানানো হলেও ইসি জানিয়েছে নিয়োগটি সরকারের এক্তিয়ারভুক্ত। তবে নানাবিধ অভিযোগ ও শঙ্কা সত্ত্বেও নির্বাচন কমিশনের ওপর জামায়াত এখনো আস্থাশীল রয়েছে এবং নির্বাচন বর্জনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে ইসি কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই সুপারিশ সংবিধানের পরিপন্থী। জামায়াতে ইসলামী এই বিতর্কিত আদেশ বাতিলের জোর দাবি জানিয়েছে। একই সাথে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ ও বিতর্কিত নেতাকর্মীরা যেন ছদ্মবেশে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে লিখিত সুপারিশ করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল