প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সিন্ধু পানি চুক্তি মানতে ভারতকে পিসিএর নির্দেশ, প্রত্যাখ্যান দিল্লির
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ) ১৯৬০ সালের ঐতিহাসিক 'সিন্ধু পানি চুক্তি' (ইনডাস ওয়াটার্স ট্রিটি) মেনে চলতে এবং কাশ্মীরে নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সীমিত রাখতে ভারতকে নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক আদালত জানিয়েছে, চুক্তিটি এখনো পুরোপুরি কার্যকর এবং তা একতরফাভাবে স্থগিত বা বাতিল করার কোনো বৈধ ভিত্তি ভারতের ছিল না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক এই সালিসি আদালতের রায় ও এখতিয়ার সরাসরি প্রত্যাখ্যান করেছে।১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির ওপর পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমির সেচ ব্যবস্থা নির্ভরশীল। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি চুক্তিটি স্থগিত ঘোষণা করে এবং কাশ্মীরের বিরোধপূর্ণ দুটি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়। এর জবাবে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করে অভিযোগ তোলে যে, ভারত নির্ধারিত ব্যবস্থার বাইরে যাওয়ার চেষ্টা করছে।মামলার সর্বসম্মত রায়ে আদালত স্পষ্ট করেছে, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর (সিন্ধু, ঝিলম ও চেনাব) পানি ব্যবহারের ক্ষেত্রে ভারতকে অবশ্যই চুক্তির নিয়মাবলি অনুসরণ করতে হবে। পাশাপাশি কাশ্মীরের নির্মাণাধীন 'রাতলে জলবিদ্যুৎ প্রকল্প'-এর বাঁধের উচ্চতা ও অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ অন্তর্বর্তীকালীন বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশ্বব্যাংক মনোনীত একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পটির নিয়মসংক্রান্ত পর্যালোচনার কাজ শেষ করবেন, এবং তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে।রায়ের বিপরীতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে এই আদালতের কোনো এখতিয়ার নেই এবং এ রায়ের কোনো প্রভাব দেশের অভ্যন্তরীণ চলমান প্রকল্পগুলোর ওপর পড়বে না। অন্যদিকে পিসিএ-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তান আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপের ফলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানি বিরোধ নিষ্পত্তির নতুন পথ উন্মোচিত হতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল