প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে সেবা কার্যক্রমের সার্বিক পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শনকালে ভূমি সেবায় কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা সাধারণ মানুষের ভোগান্তি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি প্রদান করেন তিনি।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অফিসের বিভিন্ন কক্ষ, রেকর্ডরুম এবং নাগরিক সেবা কেন্দ্র (হেল্পডেস্ক) সরজমিনে ঘুরে দেখেন। সেবাপ্রার্থীদের ভোগান্তি, আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং হেল্পডেস্কের ব্যবস্থাপনায় গাফিলতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সেবাপ্রার্থী সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।প্রতিমন্ত্রী মীর হেলাল স্পষ্ট জানিয়ে দেন, "ভূমি সেবা পাওয়া জনগণের নাগরিক অধিকার। সেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষকে দালাল ও হয়রানিমুক্ত পরিবেশ উপহার দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। জনসেবায় কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"তিনি অবিলম্বে রেকর্ডরুমের নথি সংরক্ষণ আধুনিকায়ন, হেল্পডেস্ককে আরও জনবান্ধব ও কার্যকর করা এবং ডিজিটাল ও ই-পেমেন্ট সেবা প্রদানে স্বচ্ছতা আনয়ন নিশ্চিত করতে স্থানীয় ভূমি প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল