প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
গ্রামবাসীর ধাওয়ায় অস্ত্র ফেলে পালাল বিএসএফ, ফেরত দিল বিজিবি
নিজস্ব প্রতিবেদক ||
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি (আমঝোল) সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার জন্য বিএসএফ কমান্ড্যান্ট আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা প্রদান করেন। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সীমান্ত পিলার ৯০৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয় এক কৃষককে ধাওয়া ও মারধরের অভিযোগ ওঠে তিন বিএসএফ সদস্যের বিরুদ্ধে। বিএসএফের অনুপ্রবেশ দেখে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। গ্রামবাসীর তীব্র ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা তাদের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। খবর পেয়ে বিজিবি ১৫ ব্যাটালিয়নের বনচৌকি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে বিজিবি সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও কৃষকদের ওপর হামলার কড়া প্রতিবাদ জানায়। জবাবে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনার সাথে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠক শেষে নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা দুটি শর্টগান ও ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল