প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রসিদ্ধ মতানুসারে আজকের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন এবং একই দিনে নবুয়তের মহান দায়িত্ব সম্পন্ন করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। পৃথিবীতে তাঁর আগমন ছিল মানবজাতির জন্য আল্লাহর অপার অনুগ্রহ। তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে চালিত করেন এবং তাঁর নিরলস চেষ্টা, সংগ্রাম ও সান্নিধ্যের মধ্য দিয়ে ‘জাহেলি’ যুগ রূপান্তরিত হয় ইতিহাসের এক শ্রেষ্ঠ সময়ে।
মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর অভিজাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি পিতৃহীন হন এবং অল্প বয়সে হারান মা ও দাদাকে। জাগতিক আশ্রয়ের পরিবর্তে তিনি লালিত-পালিত হন মহান আল্লাহর আশ্রয়ে। ৪০ বছর বয়সে, ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন, এরপর দীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহর বাণী প্রচারে তিনি নিজের সবকিছু উৎসর্গ করেন।
তিনি এমন এক জীবনদর্শন রেখে যান যা মুসলমানদের একটি বিজয়ী জাতিতে পরিণত করে। তাঁর শিক্ষা ও অনুপ্রেরণায় মুসলিম জাতি নীতি-নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও রাজনীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আবার তাঁর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই মুসলিম জাতি বৈশ্বিক নেতৃত্ব থেকে ছিটকে পড়ে বলে মনে করা হয়।
আজ ১২ রবিউল আউয়াল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন। এই উপলক্ষে বাংলাদেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে কোরআন তিলাওয়াত, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের, যেখানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার জন্য তাঁর অবদান তুলে ধরা হচ্ছে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার করছেন। তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করছেন তাঁরা।
এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানান। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এবং দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পৃথক বাণীতে বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনিও দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল