প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ বললেন ট্রাম্প
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি সংলগ্ন অঞ্চলকে 'যুক্তরাষ্ট্রের ভূখণ্ড' হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের শর্তানুযায়ী 'সঠিক চুক্তি' করতে এখনও প্রস্তুত নয়। ক্যারোলাইনায় এক জনসমাবেশে এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিসহ আশেপাশের পুরো অঞ্চলটি নিজেদের 'পূর্ণ নিয়ন্ত্রণে' রেখেছে। সংঘাতের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, "আমরা কি এই যুদ্ধে জিতেছি? তা নিশ্চিত বলতে পারছি না, তবে এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবেই দেখছি।" বক্তব্যের একপর্যায়ে রসিকতার সুর মিলিয়ে তিনি বলেন, "আজ শুক্রবারের রাত। হাতে তো অনেক সময় আছে, আমি আর কী করব? ফিরে গিয়ে ইরানে আবারও একটু বোমা হামলা চালিয়ে আসি?" ট্রাম্পের এই অনমনীয় মনোভাব এবং যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক অবরোধ আরোপের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। তেহরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগ কেবল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি 'যুদ্ধের ঘোষণা' দেওয়ার শামিল। মুখোমুখি দুই দেশের এই তীব্র বাগযুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন সংকট সৃষ্টি করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল