প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
নিজস্ব প্রতিবেদক ||
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে নতুন করে বিবৃতি দেওয়ায় দেশটির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-র সঙ্গে বৈঠক করে বাংলাদেশের এই দৃঢ় অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির ভুল তথ্য ও পরিসংখ্যানের প্রসঙ্গ তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে আখ্যা দেওয়া সঠিক নয়; তারা একটি নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন জনগোষ্ঠী, যা সাম্প্রতিক সময় পর্যন্ত খোদ মিয়ানমার কর্তৃপক্ষও স্বীকার করে এসেছে। জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা উল্লেখ করে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী দ্রুত যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও মনে করিয়ে দেয়, ২০১৭ সালের পর জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া নতুন রোহিঙ্গা ও ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদেরও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ তাঁর সরকারের কাছে পৌঁছানোর আশ্বাস দেন এবং যাচাইকৃতদের দ্রুত ফেরত নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জবাবে বাংলাদেশের পক্ষ থেকে আবার স্পষ্ট করে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনই এই জটিল সংকটের একমাত্র টেকসই সমাধান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল