প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৫০ সদস্যের মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধিদলটির যৌথ নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জ্বালানি, কৃষি, আর্থিক খাত, তথ্যপ্রযুক্তি এবং ওষুধ শিল্পে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে। বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু ও ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমকে অবহিত করার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও প্রতিনিধিদলটি বৈঠক করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়ের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল