প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
জ্বালানি তেল আমদানি-বিক্রি সবার জন্য উন্মুক্ত হচ্ছে: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য নয়, বরং যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ দিতে সরকার একটি সাধারণ নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান।মন্ত্রী বলেন, প্রস্তাবিত নীতিমালার আওতায় পদ্মা, মেঘনা বা যমুনার মতো রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবেশকদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও জ্বালানি তেল আমদানি ও নিজেদের পাম্পের মাধ্যমে বিক্রি করতে পারবে। ফলে ক্রেতারা তাঁদের পছন্দ অনুযায়ী তেল কেনার সুযোগ পাবেন। এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের অভিজ্ঞতা কাজ করেছে উল্লেখ করে তিনি জানান, তৎকালীন সময়ে দেশে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছিল। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এবং সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতে তিনি ও প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে ঘিরে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, তাকে 'অযৌক্তিক ও বিভ্রান্তিকর' বলে প্রত্যাখ্যান করেন মন্ত্রী।সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত জানান, মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী সাড়ে চার বছরের মধ্যে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বড় অংশ আসবে ভূমিভিত্তিক ও ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের বাধা দূর করতে সরকার হোল্ডিং ট্যাক্স-সংক্রান্ত প্রণোদনার কথাও বিবেচনা করছে। দেশে বর্তমানে প্রতিদিন প্রায় ১,২০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের ঘাটতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে মাতারবাড়ীতে একটি ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা চলছে। এছাড়া এলপিজির বাজার ও দাম স্থিতিশীল রাখতে সরকার নিজস্ব উদ্যোগে এলপিজি আমদানি করে বেসরকারি খাতের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে তা বিতরণের পরিকল্পনা করছে। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির এফএসআরইউটি পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে ভোক্তাদের ওপর সবচেয়ে কম প্রভাব ফেলে, এমন একটি উপযুক্ত সময়ে ৭২ ঘণ্টার জন্য মেরামতের কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল