প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে? যা জানালেন চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থী নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করা হবে। তিনি স্পষ্ট করেন যে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসন নম্বর অনুযায়ী গোপন ব্যালটে ভোট দেবেন। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না; যদি কেউ দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন করেন, তবে আইন অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। চূড়ান্তভাবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল