প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা, ‘রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে’: ভারপ্রাপ্ত স্পিকার
নিজস্ব প্রতিবেদক ||
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।” সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ চূড়ান্ত করা হয়।উক্ত বৈঠকে সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি এবং হুইপবৃন্দের মধ্যে আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশ নেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করবেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল