প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
ইউরোপের তাপদাহে ভুট্টা-আঙুর-অলিভ উৎপাদনে ধস
নিজস্ব প্রতিবেদক ||
ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, দীর্ঘস্থায়ী খরা ও দাবানলের কারণে কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভুট্টা, শাকসবজি, আঙুর ও জলপাইসহ (অলিভ) বিভিন্ন ফসলের ফলন আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অলিভ অয়েলের দাম আবারও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করছেন কৃষি বিশেষজ্ঞ ও উৎপাদকেরা।চরম আবহাওয়ার প্রভাবে ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস ও পর্তুগালের বিপুল কৃষিজমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের সবজি উৎপাদক সংগঠন ‘লেগুম দ্য ফ্রান্স’-এর তথ্য অনুযায়ী, খরার কারণে সালাদ পাতা, গাজর, রসুন ও পেঁয়াজসহ হাজার হাজার টন সবজি নষ্ট হওয়ায় কিছু ফসলের উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। পাশাপাশি শ্যাম্পেন ও বোর্দোর বিখ্যাত আঙুর উৎপাদনও গত বছরের তুলনায় অন্তত ১০ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে সূর্যমুখী উৎপাদন ৭ শতাংশ, ভুট্টা ৬ শতাংশ এবং আলু ও সয়াবিনের উৎপাদন ৩ শতাংশ কমতে পারে। এ ছাড়া স্পেনের শস্য উৎপাদন গত বছরের ২ কোটি ৪০ লাখ টন থেকে কমে ১ কোটি ৮৫ লাখ টনে নেমে আসার আশঙ্কা রয়েছে।গ্রিস, ইতালি ও পর্তুগালের বিস্তীর্ণ অলিভ বাগান আগুনে পুড়ে যাওয়া এবং তীব্র তাপে ফল ঝরে পড়ায় আন্তর্জাতিক বাজারে অলিভ অয়েলের সরবরাহ মারাত্মক ব্যাহত হওয়ার ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে আগামী শরৎ থেকেই অলিভ অয়েলের দাম রেকর্ড পরিমাণে বাড়তে পারে। তবে এই সার্বিক সংকটের মধ্যেও অনুকূল আবহাওয়ার কারণে তুরস্ক ও ইতালিতে শস্য এবং গম উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল