প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে ইউনূস সরকার: হোসেন জিল্লুর
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তিনটি ব্যর্থতার ক্ষেত্র চিহ্নিত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, এর একটি হলো—তরুণদের ক্ষমতালোভী করে তোলা।শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম 'সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স' এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান এবং অধ্যাপক পল্লবী রায় 'এক-এগারো' এবং জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।হোসেন জিল্লুর রহমান বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে 'গাইড' করেছে এবং তাদের 'ক্ষমতার লোভ' শিখিয়ে দিয়েছে। তাঁর মতে, এই সরকারের ব্যর্থতার প্রধান তিনটি ক্ষেত্র হলো—সরকারে আমলাদের যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং নিজেদের সংস্কারকে নিজেরাই ছুড়ে ফেলে দেওয়া।২০০৭ সালে জরুরি অবস্থার সময় ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন হোসেন জিল্লুর রহমান। প্রায় দুই দশক পর ২০২৪ সালে তরুণদের অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসন অবসানের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দেড় বছর পর গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়া এই সরকারের স্থলাভিষিক্ত হয় বিএনপি।হোসেন জিল্লুর রহমানের পর্যবেক্ষণ, অন্তর্বর্তী সরকার সময়ের সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি করেছে। তিনি বলেন, ইউনূস সরকার তরুণদের যথাযথ দিকনির্দেশনা দেয়নি, যার ফলে শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে এবং সমাজে শিক্ষাকে কম গুরুত্বপূর্ণ মনে করার প্রবণতা তৈরি হয়েছে।জুলাই অভ্যুত্থান রাষ্ট্রসংস্কারের যে আওয়াজ তুলেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের আপস তাতে বাধা হয়ে উঠেছিল বলে মনে করেন এই সাবেক উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি কোন মুহূর্তে সাহসী ও মৌলিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা শুরু থেকেই রক্ষণশীল ও নিরাপদ পথ বেছে নেয় এবং পুরোনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙার বদলে একই ধরনের আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসায়, যার ফলে কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থাই কার্যত বহাল থাকে।সংস্কারের ওপর জোর দেওয়ার কথা মুখে বললেও তাতে আন্তরিকতা ছিল না বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, সে কারণেই সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছিল, সেটি পুরোপুরি কাজে লাগানো যায়নি। তিনি বলেন, ইউনূস সরকার সংস্কার শব্দটা চালু করলেও তাদের নিজেদের তৈরি করা সংস্কার কমিশনের সুপারিশগুলো তারা 'ডাস্টবিনে' ছুড়ে ফেলে দিয়েছে এবং তারা একটা 'রিফর্ম গেম' খেলেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল