প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
সরকারের নতুন সিদ্ধান্ত, ১৮ মন্ত্রীর এসকর্ট সুবিধা বাতিল
নিজস্ব প্রতিবেদক ||
অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীতে তীব্র জনবল ও যানবাহন সংকট বিবেচনায় ১৮ জন মন্ত্রীর চলাচলের পুলিশি এসকর্ট (প্রটোকল) সুবিধা প্রত্যাহার করেছে সরকার। বর্তমানে কেবল ছয়জন মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা—মোট সাতজনের জন্য এই বিশেষ সুবিধা বহাল রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে গত সপ্তাহ থেকেই ধাপে ধাপে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।সুবিধা প্রত্যাহার হওয়া মন্ত্রীরা বিধি অনুযায়ী গানম্যান সুবিধা পাবেন এবং তাঁদের বাসভবনে ‘হাউস গার্ড’ বহাল থাকবে। এছাড়া ঢাকার বাইরে সফরের সময় তাদের জন্য বিশেষ পুলিশি নিরাপত্তাও দেওয়া হবে। সাধারণত প্রতি মন্ত্রীর এসকর্টে একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং একটি বরাদ্দকৃত পুলিশ পিকআপ ভ্যান থাকে।বর্তমানে এসকর্ট সুবিধা বহাল থাকা সাতজন হলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর।অন্যদের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক ও পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের এসকর্ট প্রত্যাহার করা হয়েছে।ডিএমপি সূত্র জানায়, শুধু ঢাকায় ভিআইপি নিরাপত্তায় প্রায় ৯০০ জন পুলিশ সদস্যের ঘাটতি থাকায় এই সমন্বয় করা হয়েছে। সিদ্ধান্তটির ফলে প্রটোকলে ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৫টি থেকে কমে ৭টিতে নেমেছে এবং প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল