প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, বাকি তিন দাবিতে অনড় সিজেপি
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পদত্যাগের পর নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা 'চাক দে ইন্ডিয়া' গান গেয়ে উল্লাস প্রকাশ করছেন।তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তাঁদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে কেবল একটি পূরণ হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান, অপরাধীদের শাস্তি এবং পুরো ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ বাকি তিন দাবি এখনো বাস্তবায়িত হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে 'প্রথম উইকেট' এবং আন্দোলনের 'কেবল শুরু' হিসেবে উল্লেখ করে বলেন, "ভয় না পেয়ে সরকারের সামনে মাথা নত না করলে যেকোনো দাবি আদায় সম্ভব। এটি গণতন্ত্র ও তরুণদের জয়।" সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের ভিডিও প্রকাশ করে সিজেপি লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’টানা ২৬ দিনের অনশন ভাঙা পরিবেশ ও শিক্ষা অধিকারকর্মী সোনম ওয়াংচুক এই ঘটনাকে 'শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়' আখ্যা দিয়েছেন। সিজেপি ও তরুণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করার লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার সময়।এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল ও বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ভারতের তরুণদের শক্তির বড় বিজয় বলে মন্তব্য করেছেন। তারা জানান, বিরোধী দলগুলো শুরু থেকেই এই অযোগ্যতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। অন্যদিকে, আম আদমি পার্টির (এএপি) নেতা গোপাল রাই অবিলম্বে পাটনা ও গুজরাটে গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি জানিয়ে পুলিশি নিপীড়ন বন্ধ করার জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল