প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
সবজির বাজারে আগুন, সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে চাপে নিম্ন-মধ্যবিত্ত
নিজস্ব প্রতিবেদক ||
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও অস্বস্তি ও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ ও কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুক্রবারের বাজারে কেনাকাটা করতে এসে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, যার ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর পলাশী বাজারে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই গত সপ্তাহের তুলনায় চড়া। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম; কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবজির বাজারে আগুন—প্রতি কেজি করলা ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, বেগুন ১৪০ টাকা, কাঁকরোল ১০০ টাকা এবং পটল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের ঝাঁজ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়।আমিষের বাজারেও চড়া ভাব দেখা গেছে। ডজনপ্রতি ডিমের দাম ৫ টাকা বেড়েছে। কেজিতে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, সোনালি মুরগি ১০ টাকা বেড়ে ৩৬০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে মাছের বাজারও বেশ চড়া। একসঙ্গে একাধিক নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।ব্যবসায়ীরা বরাবরের মতোই সরবরাহ সংকট ও পাইকারি বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন। তাঁদের দাবি, বর্ষার কারণে খেত খামার থেকে কিছু সবজির সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বাজার তদারকি বা মনিটরিং বাড়িয়ে দাম সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল