প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
ফুটপাত দখল করে গড়া আ.লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক ||
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাত দখল করে নির্মিত সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে স্কেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এর আগে গত সোমবার পরিচালিত প্রথম দফার উচ্ছেদ অভিযানে ছাগলনাইয়া বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আওয়ামী লীগের এই কার্যালয়টি অক্ষত রাখা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।স্থানীয় সূত্র থেকে জানা যায়, মূলত একটি সমিতির নামে লিজ বা বরাদ্দ পাওয়া ভবনটিতে পরবর্তীতে ইটের দেয়াল তুলে একাধিক কক্ষ তৈরি করা হয়। এসব কক্ষ ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত জামানত বা অ্যাডভান্সের বিনিময়ে বিভিন্ন জনের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে নতুন করে ছয়টি দোকান নির্মাণের কাজ শুরু হয়েছিল।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক জানান, ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। একই সাথে দখলমুক্ত স্থানে পুনরায় কেউ দখলের চেষ্টা করলে আরও জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবরে বিক্ষুব্ধ জনতা এই আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারপর থেকে ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল