প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করার সহজ ও কার্যকর উপায়
তথ্যপ্রযুক্তি ডেস্ক ||
ছুটি কাটাতে বা ব্যবসায়িক প্রয়োজনে হোটেলে অবস্থানকালে অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। অসাধু উদ্দেশ্যে হোটেল রুমে গোপন ক্যামেরা বসিয়ে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণের অপরাধ প্রায়ই দেখা যায়। তবে সামান্য সচেতনতা এবং নিজের স্মার্টফোনটি ব্যবহার করেই খুব সহজে ঘরে লুকানো গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব।প্রথমেই হোটেল রুমের আয়না আসল নাকি গোপন ক্যামেরা সংবলিত টু-ওয়ে মিরর, তা পরীক্ষা করা জরুরি। আয়নার ওপর আপনার আঙুলের ডগা স্পর্শ করলে যদি আসল আঙুল এবং প্রতিফলিত আঙুলের মাঝে সামান্য ফাঁকা জায়গা থাকে, তবে আয়নাটি স্বাভাবিক। কিন্তু কোনো ফাঁকা জায়গা ছাড়া সরাসরি দুটি আঙুল মিলে গেলে বুঝতে হবে সেটি টু-ওয়ে মিরর। এছাড়া ঘরের আলো নিভিয়ে ফোনের ফ্ল্যাশলাইট আয়নার একদম কাছে ধরে ভেতরে তাকালেও পেছনের অংশ দেখা যায় এবং আঙুলের গিঁট দিয়ে আঘাত করলে ফাঁপা শব্দ পাওয়া যায়।অনেক গোপন ক্যামেরায় অন্ধকারে দৃশ্য ধারণের জন্য ইনফ্রারেড নাইট ভিশন থাকে, যা খালি চোখে দেখা যায় না। ঘরের সব আলো বন্ধ করে ফোনের সামনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলোর দিকে তাকালে স্ক্রিনে কোনো বেগুনি বা লালচে আলো ফুটলে সেখানে ইনফ্রারেড ক্যামেরা থাকার সম্ভাবনা থাকে। একইভাবে ঘরের আলো নিভিয়ে ফোনের ব্যাক-ফ্ল্যাশলাইট জ্বেলে এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, ডিজিটাল অ্যালার্ম ক্লক, পাওয়ার সকেট বা দেয়ালঘড়ির দিকে আলো ফেললে গোপন ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়ে চকচক করে ওঠে।এছাড়া গোপন ক্যামেরা চালু থাকলে নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হয়, যা মোবাইল সিগন্যালে ব্যাঘাত সৃষ্টি করে। ফোন থেকে কাউকে কল দিয়ে কথা বলা অবস্থায় ঘরের বিভিন্ন সন্দেহজনক যন্ত্রের খুব কাছাকাছি নিয়ে গেলে যদি ফোনে হঠাৎ তীব্র গুঞ্জন বা সিগন্যালে মারাত্মক গোলযোগ সৃষ্টি হয়, তবে স্থানটি ভালোভাবে পরীক্ষা করা দরকার। অনেক সময় গোপন ক্যামেরা লাইভ স্ট্রিমের জন্য ঘরের ওয়াই-ফাই ব্যবহার করে, তাই মোবাইলের ওয়াই-ফাই সেটিংসে কানেক্টেড ডিভাইসের তালিকা দেখে কিংবা নির্ভরযোগ্য ডিটেক্টর অ্যাপ ব্যবহার করেও পরীক্ষা চালানো সম্ভব।পরীক্ষা করার পর রুমে সন্দেহজনক কোনো লেন্স বা গোপন ক্যামেরা খুঁজে পেলে সেটিতে সরাসরি হাত না দিয়ে তাৎক্ষণিকভাবে প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও তুলে রাখা উচিত। এরপর দ্রুত হোটেল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল