প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক ||
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাশেদ খাঁন।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।” নতুন জীবনের এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও লেখেন, “আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই।”
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল