প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ভাইয়ের ছেলের পড়াশোনার উন্নতির জন্য তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মাহাবুব উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং পেশায় একজন পল্লী চিকিৎসক।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর একটি ছেলে রয়েছে এবং প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় পারিবারিক নানা সমস্যার সমাধানের আশায় তিনি প্রায়ই মাহাবুবের কাছে তাবিজ নিতে যেতেন। সেই সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল।অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাহাবুব তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে ঘর ফাঁকা করেন। পরে সন্ধ্যায় ওই নারীকে বাড়িতে ডাকেন। ভুক্তভোগী নারী ভাইয়ের ছেলের পড়াশোনার উন্নতির জন্য তাবিজ নিতে সেখানে গেলে, তাকে একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক টানাহেঁচড়া করা হয় এবং বোরখা ও হিজাব খুলে ধর্ষণের চেষ্টা চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ঘরের ভেতরে অবরুদ্ধ থাকার পর ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, সন্ধ্যার দিকে ওই নারীকে মাহাবুবের বাড়িতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কয়েকজন ঘরে প্রবেশ করলে ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং তাবিজ দেওয়ার কথা বলে ডেকে এনে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।এই বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি এখনও তার জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে আসামি মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল