প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
ডেঙ্গু সংক্রমণ থেকে সুরক্ষায় মশারি ব্যবহারের পাশাপাশি ফুলহাতা পোশাক পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, মশার কামড় এড়াতে ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা লুঙ্গি পরার অভ্যাস গড়ে তোলা উচিত।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে ১০ শতাংশ শয্যা খালি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নির্ধারিত ফিতে ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।তিনি জানান, সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে রোগীরা স্বল্প খরচে পরীক্ষা করাতে পারেন।স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে কেন্দ্রীয়ভাবে ১ লাখ ৬ হাজার ৬০০টি আরডিটি কিট এবং ১ লাখ স্যালাইন ব্যাগ মজুত রয়েছে। আগামী মাসে আরও ৫ লাখ আরডিটি কিট সরবরাহ করা হবে। ইতোমধ্যে ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু হয়েছে এবং আরও পাঁচটি জেলায় আগামী ১৫ দিনের মধ্যে আইসিইউ চালুর পরিকল্পনা রয়েছে।ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিয়মিত মশা নিধনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট ব্যবহার করছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল