প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিআইসিসি) আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আসন গ্রহণ করেন।সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী এ বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশে দেশের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ধাপে ধাপে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে উন্নীত হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশব্যাপী আয়োজিত তৃণমূল পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জাতীয় পর্যায়ে নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের আজ জমকালো এ অনুষ্ঠানে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, নিষ্ঠা ও অনন্য সাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে যাছাই-বাছাই শেষে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদক ও সম্মাননা স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, পদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত রয়েছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল