প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
অনলাইনে মাদক কারবারে মৃত্যুদণ্ডের আইন পাস
নিজস্ব প্রতিবেদক ||
সাইবার স্পেস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রচার বা লেনদেনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নির্ধারণ করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন এই সংশোধনীর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে সংঘটিত মাদক অপরাধ দমনে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা যুক্ত করা হলো।পাস হওয়া বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য কেনাবেচা, বিজ্ঞাপন, সরবরাহ বা যোগাযোগ করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি এই অপরাধের ক্ষেত্রে অপরাধীর কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। এই ধরনের অপরাধে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চ্যুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলেও একই সাজার মুখোমুখি হতে হবে। অপরাধের সাজা হিসেবে যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূর্ধ্ব ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাধটি আন্তর্জাতিকভাবে বা কোনো সংঘবদ্ধ চক্রের মাধ্যমে হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া সংশোধিত বিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাধিকার ও ডগ স্কোয়াড গঠনের নতুন বিধান যুক্ত করা হয়েছে। একই সাথে মাদক অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধানও ফিরিয়ে আনা হয়েছে। বিলে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য মাদক কেনাবেচায় জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল