প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
ঐতিহ্যের ৪১৬ বছর: ১ আগস্ট সাত দিনের ‘ঢাকা উৎসব’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে সপ্তাহব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে এই উৎসবের জমকালো উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিএসসিসির অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এবং নগরবাসীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।সংবাদ সম্মেলনে প্রশাসক আব্দুস সালাম বলেন, “আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে আমরা ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী এই মহতী অনুষ্ঠান উদ্বোধনে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হলো ঢাকা শহরের হারিয়ে যাওয়া কৃষ্টি, সমৃদ্ধ সাহিত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আবারও মানুষের মনে ও নাগরিক জীবনে ফিরিয়ে আনা।ডিএসসিসি সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন প্রধানমন্ত্রী লালবাগ কেল্লা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সাত দিনের এই বর্ণিল আয়োজনে আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল, ‘ক্লিন ঢাকা’ ও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব এবং বিভিন্ন ধরনের লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরা সাজানো হবে। পুরো ঢাকা শহরকে এই উৎসবের আমেজে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে।ইতিহাস অনুযায়ী, ১৬১০ সালে সুবাহদার ইসলাম খান চিশতি ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করার পর থেকেই এই নগরের আধুনিক অগ্রযাত্রার সূচনা। পরবর্তীতে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা (মিউনিসিপ্যালিটি) গঠিত হয়, যা বর্তমানের আধুনিক ঢাকা সিটি করপোরেশনের ভিত্তি স্থাপন করে। তৎকালীন সময়ে শহরের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই পৌরসভার ভূমিকা ছিল অনন্য। সেই ঐতিহাসিক যাত্রার ৪১৬ বছরপূর্তিকে কেন্দ্র করেই এবার দক্ষিণ সিটি করপোরেশন ঐতিহ্যের পুনর্জাগরণে এই বিশেষ উৎসবের উদ্যোগ নিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল