প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক নানামুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে সৌদি বিনিয়োগের পরিধি বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গভীর আগ্রহ প্রকাশ করেন।গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সৌদি আরবের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল