প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
ঢাবি ইস্যুতে ফুয়াদকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী এই আইনি নোটিশটি পাঠান। নোটিশে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করার কারণে ঢাবির কেন্দ্রীয় ফান্ডে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেওয়া ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের চরম ভুল ব্যাখ্যা’ বলে তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ছাত্রদলের পক্ষ থেকে ঢাবি নিয়ে দেওয়া ওই বিভ্রান্তিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোরালো দাবি জানান।আইনি নোটিশে উল্লেখ করা হয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এমন একটি শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ নিয়ে জনসমক্ষে আপত্তিকর বক্তব্য দেওয়া কেবল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেনি, বরং এর বর্তমান ও প্রাক্তন হাজার হাজার শিক্ষার্থীর আবেগকে গভীরভাবে আঘাত করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগতভাবে পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশদাতা শিক্ষার্থী জানিয়েছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল