প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই ইরানের!
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে দিয়ে ইরান জানিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছিলেন, ইরানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানোর পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে এবং চলতি সপ্তাহেই তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও তেহরান একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে কোনো ধরনের সরাসরি আলোচনা বা বৈঠকের বিষয়ে ইরানের শীর্ষ মহল কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক চরম উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এমন দাবি এবং ইরানের তাৎক্ষণিক প্রত্যাখ্যান মূলত দুই দেশের মধ্যকার গভীর মনস্তাত্ত্বিক ও কৌশলগত লড়াইয়েরই অংশ।গত চার মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ফ্রান্সের ভার্সাইয়ে মার্কিন প্রশাসনের আচমকা শান্তি চুক্তি স্বাক্ষরের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরোয়া রাজনীতি ও আন্তর্জাতিক মহলে নিজেকে সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রমাণ করতে বৈঠকের দাবি করছেন, অন্যদিকে ইরান সরাসরি বৈঠক নাকচ করে দিয়ে বোঝাতে চাচ্ছে যে তারা কোনো মার্কিন চাপের মুখে আপস করছে না। এই দ্বিমুখী অবস্থান প্রমাণ করে যে, পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে দুই দেশের মধ্যকার পর্দার অন্তরালের কূটনীতি যতটা না সমঝোতার, তার চেয়ে বেশি আন্তর্জাতিক প্রচারমাধ্যমের নজর কাড়ার লড়াইয়ে রূপ নিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল