প্রিন্ট এর তারিখ : ২৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
সীমান্তে রক্তক্ষয়ী অভিযান, পাল্টাপাল্টি দাবি পাকিস্তান-কাবুলের
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গত রবিবার বিমান ও স্থলপথে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদ এই অভিযানে অন্তত ২৯ জন উগ্রবাদীকে হত্যার দাবি করলেও, আফগান তালেবান সরকার জানিয়েছে যে তাদের সীমান্ত এলাকায় চালানো এই বিমান হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, স্থল অভিযানে পাকিস্তানি তালেবানের উপদল 'জামায়াত-উল-আহরার'-এর ৪ জন যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আফগানিস্তান সীমান্তবর্তী পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আরও ২৫ জন উগ্রবাদীকে নির্মূল করা হয়েছে। এ সময় তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করার দাবিও করে পাকিস্তান।অন্যদিকে, আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, পাকিস্তানের এই কাপুরুষোচিত ও আগ্রাসী হামলায় নারী ও শিশুসহ ডজনখানেক সাধারণ মানুষ নিহত এবং আহত হয়েছেন। আফগান সরকার এটিকে একটি 'নৃশংস অপরাধ' হিসেবে আখ্যায়িত করেছে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী হামলার জবাবেই এই পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত শনিবার করাচিতে সিন্ধু রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জামায়াত-উল-আহরারের বোমা ও বন্দুক হামলায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ৩ জন সদস্য নিহত এবং ৪ জন আহত হন।দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তাদের মাটিতে উগ্রবাদীদের আশ্রয় দিচ্ছে, যারা পরবর্তীতে পাকিস্তানে এসে বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তবে কাবুলের আফগান তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের এই অভ্যন্তরীণ নিরাপত্তা ও উগ্রবাদ সংকট সম্পূর্ণ তাদের নিজস্ব সমস্যা, যার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে সীমান্ত অঞ্চলের ভূরাজনীতি এখন আরও জটিল রূপ নিয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল