প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
শিক্ষকদের ৯ম গ্রেডে নিতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে বর্তমান ১৩তম গ্রেড থেকে সরাসরি ৯ম গ্রেডে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৮ জুন, ২০২৬) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের লাখ লাখ প্রাথমিক শিক্ষকের জন্য এই বড় সুখবরটি দেন।সংসদ অধিবেশন সূত্রে জানা গেছে, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মওলানা নুরুল আমিন প্রাথমিক শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন। তার এই প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “শিক্ষকদের গ্রেড ও জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। সরকার কেবল ১০ম গ্রেড নয়, বরং শিক্ষকদের আরও এক ধাপ এগিয়ে সরাসরি ৯ম গ্রেডে (প্রথম শ্রেণী) আনার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে।”প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে এই গ্রেড উন্নীতকরণের আর্থিক রূপরেখাও তুলে ধরেন। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষকদের বেতনের জন্য ইতিমধ্যেই ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের যদি চূড়ান্তভাবে ৯ম গ্রেডে উন্নীত করা হয়, তবে সরকারের অতিরিক্ত প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দও প্রস্তাবিত বাজেটে আগাম রাখা হয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।শিক্ষার মানোন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, “প্রধানমন্ত্রী যে সুদূরপ্রসারী পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই প্রশাসন কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এই সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও সমৃদ্ধ হবে।”বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, অথচ দীর্ঘদিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের বেতন গ্রেড নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। বর্তমানে তারা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদার তুলনায় অনেক কম বলে দাবি ছিল শিক্ষক সংগঠনগুলোর। শিক্ষকদের এই দীর্ঘদিনের যৌক্তিক দাবি আমলে নিয়ে সরকার সরাসরি ৯ম গ্রেডে উন্নীত করার যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মেধাবীদের আগমন আরও বাড়বে এবং শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল