প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেলফি ও মধ্যাহ্নভোজ
মোঃ রফিকুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের সাথে সেলফি তোলেন। সরকারপ্রধানের এমন আন্তরিক ও ব্যতিক্রমী আতিথেয়তায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।এই বিশেষ মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক, এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জনের একটি প্রতিনিধিদল অংশ নেয়। ভোজের ফাঁকে প্রধানমন্ত্রী প্রতিটি টেবিল ঘুরে শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক খোঁজ-খবর নেন। তিনি তরুণদের কেবল পড়াশোনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। বর্তমান প্রজন্মকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি সবাইকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে আসার এবং তাঁর সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এই পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং গ্যালারিতে বসে সরাসরি জাতীয় সংসদ অধিবেশন কক্ষের কার্যক্রম প্রত্যক্ষ করার এক বিরল অভিজ্ঞতা অর্জন করেন।বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের সংসদ ভবনে আমন্ত্রণ জানিয়ে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। তরুণ প্রজন্মকে রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে বর্তমান সরকারের এই জনমুখী ও মানবিক দৃষ্টিভঙ্গি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন এবং প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করল।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল