প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
মেট্রোরেলের তারে গ্যাস বেলুন আটকে ট্রেন চলাচল বন্ধ!
ইয়াসরির মাহবুব, স্টাফ রিপোর্টার ||
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) এলাকায় মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। পরে দ্রুততার সঙ্গে বৈদ্যুতিক তার থেকে বেলুনগুলো অপসারণ করা হলে ১০ মিনিট পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল একটি সূত্র জানায়, আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লাইন-৬-এর একটি সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনের ওভারহেড ক্যাবলে কয়েকটি গ্যাস বেলুন ঝুলতে দেখে। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে বেলুন আটকে থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে বেলুনগুলো সরিয়ে নিলে ১০ মিনিট পর লাইনে বিদ্যুৎ সরবরাহ ও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।মেট্রোরেলের উচ্চ ক্ষমতার ওভারহেড বিদ্যুৎ লাইনে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন কিংবা কাপড়ের মতো বাহ্যিক বস্তু আটকে যাওয়ার ঘটনা রাজধানীতে এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় ঘুড়ি আটকে পড়ায় প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা এবং ২০২৬ সালের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একইভাবে গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বারবার নিষেধাজ্ঞা ও সচেতনতামূলক বার্তা দেওয়ার পরও মেট্রোরেল রুটের আশপাশের ভবনগুলো থেকে ঘুড়ি ওড়ানো এবং উৎসব-অনুষ্ঠানে গ্যাস বেলুন ব্যবহারের অসচেতনতা কমেনি। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা ও যাত্রীসাধারণের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে রুট সংলগ্ন এলাকার বাসিন্দাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল