প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আকাশ মোল্লা, স্টাফ রিপোর্টার ||
চীনের বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দেশটির ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এই আনুষ্ঠানিকতার সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলের করুণ সুরে পুরো এলাকা এক ভাবগম্ভীর পরিবেশে পূর্ণ হয়ে ওঠে। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের অবদানের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন।প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের এই সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের ধারাবাহিকতায় আজ বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তাঁর আলোচনার কর্মসূচি রয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফর শুরু হয় ২১ জুন মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ সম্মেলনে অংশ নেন। গত বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালায় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক এক বিনিয়োগ সম্মেলনে মূল বক্তা হিসেবে যোগ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে দলীয় পর্যায়ে বৈঠক করেন এবং দেশটির বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠী ও সরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধিদলের ছোট পরিসর সত্ত্বেও প্রধানমন্ত্রী এই সফরের প্রতিটি মুহূর্তকে দেশের উন্নয়ন ও বিনিয়োগ প্রসারে কাজে লাগাচ্ছেন। সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগের কথা রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল